মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান। এটি কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রথম শ্রদ্ধা নিবেদন। তবে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার-এর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একদল যুবক ‘রাজাকার’, ‘একাত্তরের দালালেরা হুঁশিয়ার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর প্রতিক্রিয়ায় সেখানে উপস্থিত জামায়াতের নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দেন। তারা ‘ভাষা সৈনিক গোলাম আযম, লও সালাম’ স্লোগান দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় পাশ দিয়ে যাচ্ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ জোটের সংসদ সদস্যরা। হট্টগোল শুরু হলে এনসিপির নেতারা দ্রুত আমিরের গাড়ির কাছে ফিরে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করেন। পরে শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।