পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু, পরিবার বলছে—এজাহারভুক্ত আসামি ছিলেন না

  • আপডেটের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পটুয়াখালী জেলা কারাগারে বন্দী অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ-এর সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত ব্যক্তির নাম শফিকুল ইসলাম খান (৩৮)। তিনি পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত হাবিবুর রহমান খানের ছেলে। ২০১৮ সালে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শফিকুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী কারাগারের জেলার আব্দুর রব মিয়া বলেন, অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত অন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি মারা যান।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানিয়েছেন, শনিবার শফিকুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে শফিকুলের ছোট ভাই জাহিদুল ইসলাম অভিযোগ করেন, যে তিনটি মামলায় তাকে কারাগারে রাখা হয়েছিল, সেসব ঘটনার সঙ্গে তার ভাইয়ের কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং কোনো মামলায়ই তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ আগস্ট ‘ডেভিল হান্ট’ অভিযানে দুমকী থানা-পুলিশ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ওই মামলায় জামিন পাওয়ার পর জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। পরে উচ্চ আদালত থেকে জামিন পেলেও আরও একটি রাজনৈতিক মামলায় তাকে আবার গ্রেপ্তার দেখানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com