ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এক ঘোষণায় জানানো হয়, তাঁর মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার পর খামেনির মৃত্যুর দাবি করেছিলেন। তবে ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর। ওই বিপ্লবে মোহাম্মদ রেজা শাহ পাহলভীর রাজতন্ত্র উৎখাত করে দেশটিতে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে দেশটি সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে।
ইরানের এই পদে থাকা ব্যক্তিরা ‘আয়াতুল্লাহ’ উপাধি ব্যবহার করেন, যা শিয়া মুসলিমদের কাছে জ্যেষ্ঠ ধর্মীয় নেতার মর্যাদা নির্দেশ করে। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।