সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস–কে। বিকেল তিনটার দিকে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

এর আগে গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *