মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক আকাশপথে অচলাবস্থা দেখা দেওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ আবারও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার (২৩ মার্চ) একদিনেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়, এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা শুরুর পর এখন পর্যন্ত এই বিমানবন্দরে মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল—বিমানের মধ্যপ্রাচ্য থেকে আগত ৩টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনস-এর ২টি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়া-এর ২টি (একটি আগমন ও একটি প্রস্থান) ফ্লাইট।
এদিকে ফ্লাইট বাতিলের মাঝেও সীমিত আকারে কার্যক্রম চালু ছিল। বিভিন্ন এয়ারলাইনসের ৬টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে এবং ৫টি ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে এখনো অনিশ্চয়তা কাটেনি।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারে ঝুঁকি তৈরি হয়েছে, ফলে ফ্লাইট সূচিতে ব্যাপক বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।