মব কালচার আর অ্যালাউ করা হবে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধিবেশনে রুমিন ফারহানা বিগত সরকারের সময়ের গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে ধরে বর্তমান সময়ের ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত তথ্যে দেখা যায়, মব সহিংসতার শিকার হয়ে ২৫০ থেকে ৩০০ মানুষ নিহত হয়েছেন। তিনি নিজেও এ ধরনের ঘটনার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন এবং এ সংস্কৃতি বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে—বাংলাদেশে কোনো ধরনের মব কালচার চলতে দেওয়া হবে না। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার প্রবণতা দেখা গিয়েছিল, তা আর সহ্য করা হবে না।

মব ও সুসংগঠিত অপরাধের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সব ঘটনাকে মব কালচার বলা ঠিক নয়। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা স্থাপনায় হামলা বা ভাঙচুর করা সুসংগঠিত পরিকল্পিত অপরাধ, যার বিরুদ্ধে মামলা, তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালিত হয়।

গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, জনগণের দাবি থাকবেই, তবে তা উপস্থাপন করতে হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে স্মারকলিপি দেওয়া, সেমিনার আয়োজন বা জনসমাবেশ করার অধিকার সবার রয়েছে। সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে, তবে মব তৈরি করে দাবি আদায়ের প্রবণতা থেকে সরে আসতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com