জাপানের টোকিওর উত্তরে তোচিগি জেলার নিক্কো শহরের একটি বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ঐতিহ্যবাহী আচার ‘গোহানশিকি’। বিশ্বাস করা হয়, এই আচার দুর্ভাগ্য দূর করে এবং অংশগ্রহণকারীদের জন্য সৌভাগ্য বয়ে আনে।
বৃহস্পতিবার নিক্কোর রিন্নোজি মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে ভিক্ষুরা পার্বত্য তপস্বীদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। তারা মোচাকৃতির ভাতভর্তি বড় বড় বাটি বহন করে অংশগ্রহণকারীদের সামনে পরিবেশন করেন।
আচার অনুযায়ী, ভিক্ষুরা বাটিগুলো সামনে এগিয়ে দিয়ে উচ্চস্বরে বলেন, “কিছুই অবশিষ্ট না রেখে ৭৫ বাটি ভাত খেয়ে নিন।” এর জবাবে অংশগ্রহণকারীরা বাটিগুলো মাথার উপরে তুলে ধরে তা খেতে অক্ষমতার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
এই প্রতীকী আচার মূলত নম্রতা প্রকাশ এবং আধ্যাত্মিক অনুশীলনের অংশ হিসেবে পালন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বিশ্বাস করেন, এর মাধ্যমে তারা সৌভাগ্য লাভ করবেন।
বৃহস্পতিবার এই আচারটি দুই দফায় অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। ভাবগম্ভীর পরিবেশের মধ্যেও অনুষ্ঠানের হাস্যরসাত্মক দিকটি উপভোগ করেন উপস্থিত সবাই।