যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসা নিয়ে অবস্থানকালে কোনো ডিগ্রি বা শিক্ষামূলক প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, B1/B2 Visitor Visa ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কেউ ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো শিক্ষাপ্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।
বার্তায় আরও বলা হয়, স্বল্প সময়ের জন্য হলেও ভিসার অননুমোদিত ব্যবহার গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। এ ধরনের লঙ্ঘন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
মার্কিন দূতাবাস শিক্ষার্থী ও ভ্রমণকারীদের ভিসার শর্তাবলি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে হলে অবশ্যই উপযুক্ত শিক্ষার্থী ভিসা গ্রহণ করতে হবে।