পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে আলী হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার ভোরে সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আলী হোসেনসহ কয়েকজন বাংলাদেশি গরু পারাপারের উদ্দেশ্যে ধবলগুড়ি সীমান্ত দিয়ে ভারতের ৮৭৪/৫-এস নম্বর পিলারের সংলগ্ন এলাকায় প্রবেশ করেন। এ সময় বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবর্ষণের সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ইতোমধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।