প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা সেনানিবাস-এর সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক বজায় রাখা এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। দুই দেশই দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেছে।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।