চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরের অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ)’ ও ‘ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটসেক এশিয়া) ২০২৬’ প্রদর্শনী পরিদর্শন করেছেন।
এশিয়ার বৃহত্তম এই প্রতিরক্ষা প্রদর্শনীতে আধুনিক সামরিক প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, নিরাপত্তা সরঞ্জাম এবং বিভিন্ন যুদ্ধ উপকরণ প্রদর্শিত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেনাবাহিনী প্রধান আগামী ২১ এপ্রিল ‘৮ম পুত্রজায়া ফোরাম’-এ অংশগ্রহণ করবেন। ওই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এছাড়া সফরকালে মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।