প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাখাওয়াৎ হোসেন। তিনি এর আগে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকার বাসিন্দা সাখাওয়াৎ হোসেন শৈশব থেকেই মেধাবী হিসেবে পরিচিত। তার বাবা প্রয়াত ডা. মো. নেওয়াজ আলী দেওয়ান এবং মা প্রয়াত সুফিয়া বেগম।
তিনি মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। পরে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। এরপর সরকারি হরগঙ্গা কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ডিগ্রি সম্পন্ন করেন। উচ্চশিক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ, ইংরেজিসহ মোট ছয়টি বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য এবং নাট্যচর্চার সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। চাকরির পাশাপাশি তিনি প্রবন্ধ, কাব্যগ্রন্থ, উপন্যাস ও ছড়াসহ অর্ধশতাধিক বই রচনা করেছেন। বর্তমানে বিভিন্ন পত্রিকায় শিক্ষা বিষয়ক তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা কর্মজীবনে ধর্ম মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ও যশোরের চৌগাছাউপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
তার ছোট ভাই আবু সাঈদ সোহান মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তার কন্যা সানেমুন ফাতেমা ক্যামেলিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং পুত্র হাসান আল আরাফ বর্তমানে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।