জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহনেও একই হারে ভাড়া বৃদ্ধি কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, জ্বালানির দাম বাড়ার প্রেক্ষাপটে পরিবহন খাতের ব্যয় বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী দূরপাল্লার বাস এবং আন্তঃজেলা পরিবহনে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।
এর আগে দুপুর ১২টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে পরিবহন মালিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত তা কমিয়ে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার।