নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলাকে ঢাকা জেলার আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পটি তিনটি জেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল। ফলে নাগরিক সেবা, নিরাপত্তা এবং পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা দেখা দিচ্ছিল। এসব সমস্যা সমাধানে প্রকল্প এলাকাকে ডিএনসিসি, ডিএমপি এবং ওয়াসার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাসিন্দারা জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন নাগরিক সুবিধা সহজে পাবেন।
একই সঙ্গে রূপগঞ্জ ও কালীগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হলে প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হবে বলে মনে করছে সরকার।
এ বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ৪ জুনের পরিবর্তে ২১ মে জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত।
এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিলের প্রস্তাবও অনুমোদিত হয়েছে, যাতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগে বাধা দূর হয়।
অন্যদিকে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্তও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।