বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সংবাদমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চোখ, যার মাধ্যমে সরকার সমাজের গভীরে প্রবেশ করে বাস্তবতা অনুধাবন করতে পারে। তিনি সতর্ক করে বলেন, স্বাধীন সংবাদমাধ্যম না থাকলে সমাজ ও রাষ্ট্র অন্ধকারে নিমজ্জিত হয়। শনিবার ফেনীতে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, দফতর সম্পাদক আবু বকর, সাংবাদিক রফিকুল ইসলাম ও মামুন ফরাজী।
কাদের গনি চৌধুরী বলেন, গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য। স্বাধীনভাবে কাজ করতে পারলে গণমাধ্যম স্বৈরাচারের উত্থান ঠেকাতে পারে এবং রাষ্ট্রকে সঠিক পথে রাখে। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমের সমালোচনা সরকারসহ বিভিন্ন মহলকে সংশোধনের সুযোগ করে দেয় এবং সমাজে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে।
তিনি আরও বলেন, সাংবাদিকতার মূল লক্ষ্য হচ্ছে সত্য অনুসন্ধান ও তা জনগণের সামনে তুলে ধরা। এজন্য সাংবাদিকদের সাহসী, সত্যনিষ্ঠ, নীতিবান ও নিরপেক্ষ হতে হবে। সততা, নির্ভুলতা ও পক্ষপাতহীনতাকে সাংবাদিকতার প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংবাদ অবশ্যই শতভাগ নির্ভুল ও বস্তুনিষ্ঠ হওয়া জরুরি।
বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের গণমুখী চরিত্র হারানোর অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সাংবাদিক ও সম্পাদক স্বাধীনভাবে কাজ করতে পারেননি। কেউ কেউ আপস করে দলীয় প্রভাবের কাছে নতিস্বীকার করেছেন, যা সাংবাদিকতার জন্য ক্ষতিকর। তিনি বলেন, জনগণ কখনোই পক্ষপাতদুষ্ট বা ‘দাস সাংবাদিকতা’ গ্রহণ করে না।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে সাংবাদিকতার অবক্ষয়ের কারণে অনেকেই জনআস্থা হারিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যমকে আবারও জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হলে নৈতিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধকে গুরুত্ব দিতে হবে। সততার সঙ্গে সাংবাদিকতা করলে কোনো সংকটেই পালাতে হয় না—এমন মন্তব্য করে তিনি বলেন, দুঃসময়ে জনগণই প্রকৃত সাংবাদিকদের পাশে থাকে।