রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে গণতন্ত্র এগিয়ে নেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, দেশে হারানো গণতন্ত্র ফিরে এসেছে এবং তা টিকিয়ে রাখতে সব রাজনৈতিক দলের মধ্যে সমন্বয়, ভ্রাতৃত্ববোধ ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। শনিবার (২৫ এপ্রিল) নেত্রকোনায় একটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হলে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে প্রত্যেক দলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জ্বালানি ঘাটতি ইস্যুতে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত কমিটির উদাহরণ টেনে তিনি বলেন, এটিই গণতন্ত্রের সৌন্দর্য—যেখানে সকল দল ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে।

সম্প্রতি পূর্বধলায় ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় তারা মর্মাহত এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

খাল পুনঃখনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। পরবর্তীতে তা বন্ধ থাকায় খাল ভরাট, পানি নিষ্কাশনে সমস্যা, শুষ্ক মৌসুমে পানির ঘাটতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে পুনরায় এই কর্মসূচি চালু করেছে, যা বাস্তবায়িত হলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং দেশ আবার সুজলা-সুফলা হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com