দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাইবান্ধা জেলায়, যেখানে এক শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ, জামালপুর ও ঠাকুরগাঁও জেলায় দুইজন করে এবং নাটোর, পঞ্চগড় ও বগুড়া জেলায় একজন করে নিহত হয়েছেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। সুন্দরগঞ্জে একসঙ্গে তিনজন নিহত হন এবং একজন আহত হন; পাশাপাশি একটি গরুও মারা যায়। ফুলছড়িতে ঘোড়ার গাড়ি চালানোর সময় বজ্রপাতে এক যুবক ও তার ঘোড়ার মৃত্যু হয়।
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। জামালপুরের সদর ও মেলান্দহ উপজেলায় পৃথক ঘটনায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন; একইসঙ্গে কয়েকটি গবাদিপশুও মারা গেছে।
নাটোরের সিংড়ায় ধান কাটার সময় এক শ্রমিক, বগুড়ার গাবতলীতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে এক যুবক এবং পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময় এক শ্রমিক বজ্রপাতে নিহত হন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।