জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে বাসের পর এবার নৌপথে যাত্রী পরিবহনেও ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চে প্রতি কিলোমিটার ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৪ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এতে স্বল্প দূরত্বে ভাড়া বেড়েছে প্রায় ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ।
বুধবার ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত জানানো হলেও তা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার ডিজেলচালিত বাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এ ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে এতে সাধারণ যাত্রীদের ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।