অপরিশোধিত তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে জাপান-এর সঙ্গে সহযোগিতায় সম্মত হয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। জাপানের শিল্পমন্ত্রী আকাযাওয়া রিয়োসেই মঙ্গলবার ফ্রান্সে সাংবাদিকদের এ তথ্য জানান।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ার প্রেক্ষাপটে আকাযাওয়া সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন। সফরকালে তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ-এর সঙ্গে বৈঠক করে জ্বালানি সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার বিষয়ে একমত হন।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতে তিনি শিল্প ও অগ্রসর প্রযুক্তিমন্ত্রী সুলতান আল জাবের-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাপানের পক্ষ থেকে জুন মাস থেকে আমিরাতের অপরিশোধিত তেলের চালান ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়, যা ইতিবাচক সাড়া পেয়েছে।
আকাযাওয়া জানান, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো বিকল্প সরবরাহ পথ অনুসন্ধান এবং মজুত সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সরবরাহ ব্যবস্থার স্থিতিস্থাপকতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে।
জাপানের শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির অপরিশোধিত তেলের সবচেয়ে বড় উৎস সংযুক্ত আরব আমিরাত এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। জাপানের মোট তেল আমদানির প্রায় ৮০ শতাংশই এই দুই দেশ থেকে আসে।