ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ আবার একসঙ্গে অভিনয় করছেন। তিন বছরের বেশি সময়ের দূরত্ব কাটিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণ সখিয়া’ নাটকে জুটি বেঁধেছেন তাঁরা। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং সেট থেকে দুজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন কাজের খবর জানিয়েছেন নির্মাতা রাজ নিজেই।
এই জুটির দূরত্বের শুরু ২০২৩ সালে। ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচার নিয়ে সে সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন জোভান। নাম উল্লেখ না করে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা অনেক শিল্পী টেলিভিশন নাটককে অবজ্ঞার চোখে দেখেন। জবাবে ফারিণ জানিয়েছিলেন, নাটক দিয়েই তাঁর অভিনয়জীবন শুরু, তাই এই মাধ্যমকে ছোট করে দেখার প্রশ্নই ওঠে না। প্রকাশ্যে বড় বিতণ্ডা না হলেও এরপর থেকে একসঙ্গে আর কাজ করেননি তাঁরা।
‘প্রাণ সখিয়া’ দিয়ে শুধু জোভানের সঙ্গে জুটি নয়, দীর্ঘদিন পর টেলিভিশন নাটকেও ফিরছেন ফারিণ। ওয়েব কনটেন্ট ও সিনেমায় ব্যস্ত থাকায় ছোট পর্দায় তাঁকে নিয়মিত দেখা যাচ্ছিল না। সর্বশেষ রোজার ঈদে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। পুরোনো জুটির এই ফেরা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ছবি: বাংলা ট্রিবিউন (সংগৃহীত)




