ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসন তাঁর উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার জিতেছেন। ৮১ বছর বয়সে এই সম্মান পেয়ে তিনি বুকারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিজয়ী হওয়ার রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ড ছিল মার্গারেট অ্যাটউডের; ২০১৯ সালে তিনি ৭৯ বছর বয়সে পুরস্কারটি জিতেছিলেন।
গত ৯ নভেম্বর লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ড মূল্যের পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর জমা পড়া ১৬৩টি উপন্যাসের মধ্য থেকে বিচারক প্যানেল সর্বসম্মতভাবে তাঁর বইটিকে বিজয়ী নির্বাচন করে। ইতিহাসবিদ মেরি বেয়ার্ডের নেতৃত্বাধীন প্যানেল বইটির অন্ধকার হাস্যরস, ব্যঙ্গ আর আশাবাদের মিশেলের প্রশংসা করেছে। বুকার ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর মতে, হ্যারিসনই প্রথম বিজয়ী যিনি সরাসরি কল্পবিজ্ঞান সাহিত্যের জগৎ থেকে উঠে এসেছেন।
১৯৮ পৃষ্ঠার এই উপন্যাস হ্যারিসনের ১৩তম গ্রন্থ। কাহিনি গড়ে উঠেছে ইংল্যান্ডের কেন্ট উপকূলে এক রহস্যময় বিপর্যয়ের পর টিকে থাকার লড়াইরত এক ব্যক্তি ও তাঁর খালাকে কেন্দ্র করে, যেখানে আবির্ভাব ঘটে আকৃতি বদলাতে পারা রহস্যময় সত্তার। ছয় দশকের সাহিত্যজীবনে হ্যারিসন ১৩টি উপন্যাসের পাশাপাশি পাঁচটি ছোটগল্প সংকলন ও একটি স্মৃতিকথাধর্মী বই লিখেছেন।
ছবি: সংগৃহীত




