নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে স্বাক্ষর করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ।
অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন রফিকুল আলম। একই সঙ্গে তাঁকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে।
এদিকে ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা গেছে, একটি ভিডিওতে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে এবং ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখেছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেছেন, তিনি কোনো রাজনীতি করেন না এবং ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ভালোবাসেন। আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট দেননি বলেও দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।




