নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিতেও এখন থেকে নারীদের প্রকৃত নাম লেখা যাবে না। পরিবর্তে সব নারীকে ‘বিবি’ বলে পরিচয় দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের অনুসন্ধান এবং স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে এই নির্দেশনা জারি করা হয়। এতে বালখের সরকারি কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের নারীদের নাম লেখা ও মুখে উচ্চারণ করতেও নিষেধ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ বা ‘গরু’র মতো অবমাননাকর শব্দে ডাকার সাক্ষ্যও মিলেছে।
জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালা ওসমানি এই চর্চাকে নারীদের মানবিক মর্যাদা হরণের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, কোনো শাসনব্যবস্থা যখন নারীর নাম কেড়ে নিয়ে তার জায়গায় পশুর নাম বসায়, তখন তা তার মানবিক সত্তাকেই কেড়ে নেয়। ২০১৭ সালে ওসমানি ‘আমার নাম কোথায়’ আন্দোলন শুরু করেছিলেন; সেই আন্দোলনের ফলেই ২০২০ সালের সেপ্টেম্বরে সন্তানের জন্মসনদে মায়ের নাম স্বেচ্ছায় যুক্ত করার অনুমোদন দিয়েছিল তৎকালীন সরকার।
আপাতত এই নির্দেশনা বালখ প্রদেশেই সীমিত রয়েছে বলে জানা গেছে; সারাদেশে তা প্রযোজ্য হওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে নারী অধিকার সংগঠন ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর সতর্ক করে বলেছেন, স্থানীয় পর্যায়ের নিষেধাজ্ঞাগুলো পরে সারাদেশের ডিক্রির পরীক্ষামূলক ধাপ হতে পারে। অধিকারকর্মীদের আশঙ্কা, একই নামে সব নারীর নথি হলে হাসপাতালে রোগী শনাক্তে ভুল হতে পারে, যা ভুল চিকিৎসার ঝুঁকি তৈরি করবে। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণ সীমিত করে ১৪৪টির বেশি ডিক্রি জারি হয়েছে বলে ফেমেনার হিসাবে উল্লেখ করা হয়েছে।




