নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় অসুস্থ হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
‘নসিব’ নামের সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল খান। সকালে হোটেল মোমো ইনে শুটিংয়ের জন্য তৈরি হওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সনদে কারণ হিসেবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
সোহেল খান সবচেয়ে বেশি পরিচিতি পান মোস্তফা সরয়ার ফারুকীর ধারাবাহিক নাটক ‘৪২০’-তে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে। এছাড়া ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘শান’, ‘জংলি’সহ অনেক চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন তিনি। মূলত কৌতুক চরিত্রে জনপ্রিয় হলেও খলচরিত্রেও তিনি ছিলেন সফল।
তার আকস্মিক মৃত্যুতে শুটিং বন্ধ করে দিয়েছে ‘নসিব’ ছবির টিম। পরিচালক মোহাম্মদ ইকবালসহ সহশিল্পীরা শোক প্রকাশ করেছেন।
সোহেল খানের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে। মরদেহ সেখানে নেওয়া হচ্ছে; জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ছবি: সংগৃহীত
