নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কোনো সংলাপে বসবে না তাঁর দল।
তিনি বলেন, সংলাপের জন্য তাঁদের এখনো ডাকা হয়নি। ডাকা হলেও সত্যিকারের জাতীয় ঐক্যের সংলাপ না হলে তাঁরা যাবেন না। তাঁর ভাষায়, সব দলকে—বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আসল আওয়ামী লীগ বা তাঁর প্রতিনিধিদের—অন্তর্ভুক্ত করেই কেবল এমন সংলাপ অর্থবহ হতে পারে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনে ৫৫টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।
এই সংলাপে একাদশ ও দ্বাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ডাকা হচ্ছে না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলও আমন্ত্রণ পাচ্ছে না।


