নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতা ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। অসুস্থ হয়ে পড়ার পর মঙ্গলবার (ভোরে) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হুমায়ুন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা ছিলেন। কারাগারে থাকা অবস্থায় সোমবার রাতে হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যানুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত কারা হেফাজতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৪ সালে কারাগারে মৃত্যুর সংখ্যা ছিল ৬৫ জন।