আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২১ হাজার ৯৪৬টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এই সংখ্যা মোট কেন্দ্রের ৫০ শতাংশেরও বেশি।
বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ঝুঁকিপূর্ণ এসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে প্রয়োজন অনুযায়ী সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ভোটগ্রহণের পুরো সময় কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই সিসি ক্যামেরা স্থাপনের মূল লক্ষ্য। এর মাধ্যমে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যেই সারা দেশে সিসিটিভি স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং তা জোরদারভাবে চলমান রয়েছে। কয়েকটি জেলায় শতভাগের কাছাকাছি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।
উপ-প্রেস সচিব বলেন, নির্বাচনের আগেই—সম্ভব হলে জানুয়ারি মাসের মধ্যেই—সব ভোটকেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং বিভিন্ন জেলায় উচ্চপর্যায়ের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করছেন।