চেক জালিয়াতির মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর এবং দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে আটক করে কামালপুর ফাঁড়ি পুলিশ। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার আসাদুল্লাহ হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছিলেন এবং নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটির দায়িত্বেও ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে গণভোটের ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর হিসেবে প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে জামালপুর জেলায় দায়ের হওয়া একটি চেক জালিয়াতি মামলায় তিনি এক মাসের কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। নির্বাচন শেষ হওয়ার পর তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে কামালপুর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ সংক্রান্ত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।