পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ স্থগিতাদেশ দেন। ফলে রোজার মাসে স্কুল খোলা রাখতে আর কোনো আইনি বাধা থাকছে না। নিয়মিত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে রোববার পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ। জনস্বার্থে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়েছিল।
রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এদিকে সিদ্ধান্ত অনুযায়ী মাদরাসাগুলোতে রমজান শুরুর আগ থেকেই ছুটি শুরু হলেও স্কুলগুলোতে ১৫ রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার পরিকল্পনা ছিল, যা নিয়ে অনেক শিক্ষক অসন্তোষ প্রকাশ করেছিলেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ালে হাইকোর্ট ও আপিল বিভাগের চেম্বার আদালতে ধারাবাহিক শুনানি শেষে সর্বশেষ এ স্থগিতাদেশ দেওয়া হয়।