নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আহমেদ। সংবিধানের ১৫৮ অনুচ্ছেদের ২(খ) ধারা অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তিনি এই দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে সোমবার সিইসির বাসভবনে যান সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। সংসদ সচিবালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২ আসনে জয় পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আগামীকাল মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ শেষে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।