প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবার ভারত ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণপত্রে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমানের কথাও উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে মোদি তাকে ভারতে আন্তরিকভাবে স্বাগত জানানোর প্রস্তুতির কথা উল্লেখ করেন। একই সঙ্গে সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান তিনি।

চিঠিতে মোদি লেখেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তারেক রহমানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছেন তিনি। বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবেই এ বিজয় এসেছে বলে উল্লেখ করে দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভিশনের প্রতি জনগণের সমর্থন রয়েছে বলেও মন্তব্য করেন।

দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি-সমৃদ্ধির যৌথ আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন অগ্রাধিকারের মিল ভবিষ্যৎ সহযোগিতার পথকে আরও সুদৃঢ় করবে।

সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি দুই দেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

চিঠির শেষে মোদি তারেক রহমান, ডা. জুবাইদা রহমান এবং জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com