জুলাই জাতীয় সনদকে ‘অবৈধ’ ও ‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা করার নির্দেশনা চেয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে সনদের কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে।
রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। তিনি গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও তার ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার আরেকজন আইনজীবী পৃথক একটি রিট দায়ের করেছিলেন। এ নিয়ে জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে আইনি বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।