উত্তরাঞ্চলীয় জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রেক্ষিতে ৎসুনামি সতর্কতা ও পরামর্শ জারি করা হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা জানায়, ৭.৫ মাত্রার এই ভূমিকম্পটি বিকেল ৪টা ৫৩ মিনিটে ইওয়াতে জেলার সানরিকু উপকূলের কাছে আঘাত হানে। জাপানের ০ থেকে ৭ ভিত্তিক ভূমিকম্প পরিমাপ স্কেলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এর তীব্রতা ‘আপার ৫’ হিসেবে রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের পর ইওয়াতে জেলা ছাড়াও হোক্কাইদো ও আওমোরি জেলার কিছু অংশে ৎসুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ অঞ্চলে সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত উচ্চতার ৎসুনামি ঢেউ আঘাত হানতে পারে।
এছাড়া হোক্কাইদো, আওমোরি, মিয়াগি ও ফুকুশিমা জেলার জন্য ৎসুনামি সংক্রান্ত পরামর্শ জারি করা হয়েছে। এসব এলাকায় সমুদ্রপৃষ্ঠের পানি ১ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি জানিয়েছে যে ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। কেন্দ্রগুলোর আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে তোহোকু বিদ্যুৎ শক্তি কোম্পানি জানিয়েছে, আওমোরি জেলার হিগাশিদোরি এবং মিয়াগি জেলার ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও কোনো ধরনের অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।