পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিল আহমেদ উপজেলার নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি বিতর্কিত পোস্ট দেন।
অভিযোগ অনুযায়ী, এআই প্রযুক্তির সহায়তায় একটি ছবি সম্পাদনা করে তিনি একটি মন্তব্যসহ পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টটি নজরে এলে স্থানীয় রাজনৈতিক মহলে ক্ষোভ সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, সংশ্লিষ্ট পোস্টটি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।