ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি এবং রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রদল বা ছাত্রশিবিরের নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। শাহবাগ থানার সামনে কিছু সাংবাদিক অবস্থান করলেও থানার প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে এবং ভেতরে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এদিকে সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এর আগে শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক (২৩), শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)।