অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন
সুসংবাদ। আন্তর্জাতিক আদালত বা আইসিজে আজ রোহিঙ্গা বিষয়ক মামলায় রায় দিয়েছে। রায়ে তারা মায়ানমার সরকারকে বস্তুচূত বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আদেশ করেছে এবং তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য জুন্তা সরকারকে আদেশ করেছেন। রায়টি রোহিঙ্গাদের জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশের জনগণের উচিত আন্তর্জাতিক আদালতকে ধন্যবাদ জানানো এবং সেই সাথে গাম্বিয়া সরকারকেও আন্তরিক অভিনন্দন জানানো।
২০১৯ সালের জানুয়ারিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী নিযুক্ত করেন। আমি আমার ঘনিষ্ঠ বন্ধু তৎকালীন গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রী মামাদো টাংগারার সাথে রোহিঙ্গাদের উপর গণহত্যার বিষয়টি আলোচনা করি। টাংগারা ও আমি একই সময়ে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ছিলাম এবং আমাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল।
গাম্বিয়ার এটর্নি জেনারেল ছিলেন আবু বকর থামবাওদু। পরবর্তীতে তিনি আইনমন্ত্রী হয়েছিলেন। জনাব আবু বকর আন্তর্জাতিক আদালত আইসিজিতে বিচারক হিসাবে কাজ করেছেন এবং তাঁর বিশেষ প্রচেষ্টায় রোয়াণ্ডায় যে গণহত্যা হয়— কয়েক শো হুতি ও তুথসি মারা যায় তার জন্য তিনি রোয়াণ্ডা সেনাবাহিনীর ৪ জন সিনিয়র অফিসারকে এমনকি তাদের সর্বাধিনায়ক জেনারেলকে শাস্তি দিতে সক্ষম হন। তাঁর উৎসাহ, অভিজ্ঞতা, জ্ঞান ও আন্তরিকতা আমাকে অভিভূত করে। তাঁর সুপারিশে এবং আমার বন্ধুবর ড. টাংগারার সহায়তায় গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা বারাও রোহিঙ্গা বিষয়ক কেইসটি নিতে রাজি হন।
মায়ানমার আমাদের প্রতিবেশী এবং তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। তবে দুঃখের বিষয় যে মায়ানমার সরকার সময় সময় রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন চালায় এবং জোরপূর্বক তাদের বাস্তুচ্যুত করে। ২০১৭ সালে যখন রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতন শুরু হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেন।
আমি তখন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলাম। আমি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব মাহমুদ আলী সাহেবকে রোহিঙ্গাদের আশ্রয় না দিতে অনুরোধ করি। তবে মাননীয় মন্ত্রী এবং তার সচিব শহীদ সাহেব ও মায়ানমারে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত সফিউর রহমান সাহেব জানালেন যে মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিতে বলেছেন। সুতরাং তাদের আশ্রয় দিতেই হবে। মাননীয় মন্ত্রীকে তাই অনুরোধ করি তিনি যেন ৫০ বা ৭০ হাজার রোহিঙ্গাদের প্রবেশের অনুমতি দিয়ে সীমান্তে সিলগালা করেন। তাকে আরো বলি যে, মাননীয় প্রধানমন্ত্রী যদি জানতে চান তাহলে তাঁকে বলবেন যে তাঁর আদেশ আপনি মান্য করে ৫০ হাজার রোহিঙ্গা নিয়েছেন। কারণ আমার ধারণা ছিল মায়ানমার সরকার এবং তাদের দেশের মংকরা রোহিঙ্গাদের কোনো মতেই তাদের দেশে থাকতে দিতে চায় না। তারা তাদের “বাঙালি” অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের দেশে আশ্রয় নিয়েছে বলে দাবি করে।
নিউ ইয়র্কে জাতিসংঘে মায়ানমারের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি যিনি ছিলেন (পরপর দুজন নিয়োগ পান) তার সাথে আমার ঘনিষ্ঠতা ছিল। সে আমাকে বলেছিলেন যে তাঁর সরকার ও জনগৌস্টি ওদের অপচন্দ করে। তাছাডা ওরা অশিক্ষিত, বর্বর ও কোনো আইন কানুন মানে না। তাদের বৃহত্তর জনগোষ্ঠী তাদের ঘৃণা করে, ইত্যাদি ইত্যাদি। মায়ানমারের রাস্ট্রদূত ও পিআর আমার বাসায় অনেক বার এসেছে, আমরাও তার বাসায় গিয়েছি। ওদের খাবার এবং আমাদের খাবার মোটামুটি একই রকম হওয়ায় আমরা তা গ্রহণ করেছি।
আমি মাননীয় মন্ত্রীকে তাদের মতামত জানিয়েছি। তবে মাননীয় মন্ত্রী জানালেন যে ইতিপূর্বে মায়ানমার রোহিঙ্গাদের বস্তুচূত করেছিল, তবে তিনি আলোচনার মাধ্যমে তাদের ফেরত পাঠিয়েছেন। সে অভিজ্ঞতা তাঁর আছে।
বস্তুত মন্ত্রী সাহেব ঠিকই বলেছিলেন— মায়ানমার সময় সময় রোহিঙ্গাদের উপর অত্যাচার করলে পর তারা তখন জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করে। সত্তোর ও আশির দশকে বহু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে মায়ানমার দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের অধিকাংশদেরই ফেরত নিয়েছে।
ইসলামিক দেশগুলোর বা “ও-আই-সির” সম্মলনে সিদ্ধান্ত হলো যে গাম্বিয়া রোহিঙ্গাদের উপর যে নির্যাতন ও গণহত্যা হয়েছে তা আন্তর্জাতিক আদালতে পেশ করবে। তবে গাম্বিয়ার যেহেতু টাকা পয়সা নেই, সুতরাং ওআইসি দেশগুলো তাদের সহায়তা করবে। তবে দুঃখের বিষয় যে ওআইসিভুক্ত দেশগুলো কেইস চালানোর জন্য অর্থ সাহায্য নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে আসেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামাকে ওআইসি দেশগুলোর সরকার প্রধানদের অর্থ সহায়তার জন্য বার বার আহ্বান জানিয়ে চিঠি পাঠাতে হয়েছে। তবে সুখবর যে, আদালতের রায় রোহিঙ্গাদের স্বপক্ষে এসেছে। আলহামদুলিল্লাহ।
এ বিজয় রোহিঙ্গাদের, এবিজয় গাম্বিয়ার, এ বিজয় বাংলাদেশের এবং এবিজয় ওআইসি রাষ্ট্রগুলোর। এখন জাতিসংঘের সদস্যভুক্ত আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর করার জন্য ওআইসিসহ সকল রাষ্ট্রসমূহকে জোর উদ্যোগ নেয়া একান্ত অপরিহার্য।
আমি আশা করবো মায়ানমার আন্তর্জাতিক আদালতের রায় মেনে নিবে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে উদ্যোগী হবে। এখানে উল্লেখ্য যে মায়ানমারের দুই মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং রোহিঙ্গা বিষয়ক মন্ত্রী যারা জাতিসংঘে আমার সহকর্মী ছিল তারা এক পর্যায়ে বেসরকারি ভাবে জানিয়েছিল যে তারা সাড়ে পাঁচ লাখ নিয়ে যাবে। আমরা পরপর দুই-তিন বার দিন তারিখ ঠিক করি। কিন্তু তাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। এক পর্যায়ে গণচীন এব্যাপারে আমাদের সাহায্য করে। যখনই ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় তখনই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশ এবং কিছু সংখ্যক বস্তচূত রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব পাওয়ার নিশ্চিয়তা ও অন্যবিধ দাবি দাওয়া নিয়ে এগিয়ে আসে তার ফলে ফেরত পাঠানো সম্ভব হয়নি। কারু কারু অভিমত যে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এদের পাঠানো সম্ভব এবং তৃতীয় পক্ষ যোগ দিলেই বিষয়টি জটিল হয়। এখানে উল্লেখ্য যে, জাতিসংঘের রিফিউজি সংক্রান্ত সংস্থাগুলো যেখানেই সম্পৃক্ত হয়েছে সেখানে রিফিউজিদের স্বদেশে ফেরত যাওয়ার সাফল্য খুব একটা পরিলক্ষিত হয় না। সুতরাং জাতিসংঘকে তার কারণ অনুসন্ধান করা উচিত বৈকি।




