তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। রোববার (২২ নভেম্বর) সমাপনী অধিবেশনে তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে উপস্থাপিত খসড়া সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করে ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক দেশ ও জোট। ফলে প্রায় দুই সপ্তাহের আলোচনা ও রেকর্ড মেয়াদের অতিরিক্ত সময়ের পরও সম্মেলনটি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম কোনো জলবায়ু সম্মেলন সর্বসম্মত চুক্তি ছাড়া শেষ হলো।
খসড়া প্রস্তাবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে কোনো সুস্পষ্ট উল্লেখ না থাকাকেই প্রত্যাখ্যানের প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী জানান, জলবায়ু সংকটের প্রধান চালিকাশক্তির উল্লেখ ছাড়া কোনো সিদ্ধান্তে সম্মতি দেওয়া সম্ভব নয়। নরওয়ে, পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ, ভানুয়াতু ও বেলিজও প্রস্তাবটির বিরোধিতা করে। অন্যদিকে খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বে বিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং কার্বন অপসারণ প্রযুক্তির লক্ষ্য থাকলেও অভিযোজন অর্থায়নের প্রত্যাশিত লক্ষ্য বাদ পড়েছিল।
সম্মেলনের সভাপতি মুরাত কুরুম জানান, ঐকমত্য না থাকায় সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি এবং নতুন কোনো খসড়াও উপস্থাপন করা হবে না। জাতিসংঘ মহাসচিব এই ফলাফলে হতাশা প্রকাশ করেছেন। অমীমাংসিত বিষয়গুলো এখন পরের সম্মেলনের অপেক্ষায় রইল।
ছবি: সংগৃহীত




