নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, অপমানজনক ভাষা ও সংঘবদ্ধ সাইবার আক্রমণের মাধ্যমে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ভিন্নমত দমনের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড, নেতাদের ভূমিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আচরণের কড়া সমালোচনা করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, সাইবার হয়রানির ভয়ে অনেকেই দলটির বিরুদ্ধে কথা বলতে সাহস পান না। গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের রাজনৈতিক অবস্থান ও নেতাকর্মীদের আচরণ সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সমালোচনার জবাবে যুক্তি ও তথ্য না দিয়ে দলটির নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধের চেষ্টা করেন।
নিজেও এমন আক্রমণের শিকার হচ্ছেন দাবি করে তিনি বলেন, দলটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে তথ্য প্রকাশ করায় তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। পোস্টে তিনি জামায়াতের কয়েকজন নেতা ও সংসদ সদস্যকে ঘিরে সম্প্রতি ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও টানেন।
রাশেদ খাঁন বলেন, বিরোধী দলে যাওয়ার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কর্মকাণ্ডে যে প্রবণতা দেখা যাচ্ছে, তা অব্যাহত থাকলে একসময় সাধারণ মানুষও দলটির কাছাকাছি যেতে চাইবে না।
উল্লেখ্য, সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক মন্তব্যে রাশেদ খাঁনকে ‘ফালতু’ বলা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে গণমাধ্যমে খবর এসেছে। রাশেদ খাঁনের সর্বশেষ অভিযোগের বিষয়ে জামায়াতের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



