নিজস্ব প্রতিবেদক
কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মী শনিবার দুপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো তাঁর মৃত সন্তানের মুখ দেখেছেন। তাঁর প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য (১৫) শুক্রবার রাত ১১টার দিকে মারা যায়।
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে মা ও ছেলের শেষ দেখা হয়েছে। মৃত সন্তানের লাশ একটি ফ্রিজারবাহী গাড়িতে করে কারাগারের ফটকে নিয়ে আসা হয়। দেখা শেষে পরিবার কাশিমপুর থেকে ফিরে যায়।
প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করলেও শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া হয়নি। কারা কর্তৃপক্ষ জানায়, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাঁকে বাইরে নেওয়া সম্ভব নয়; নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। ডিসেম্বর পর্যন্ত বন্দীদের প্যারোলে মুক্তির ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও জানানো হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে প্রায় দুই মিনিট কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
শারমিন সুলতানা (৪৪) গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হন। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার আগে দেওয়া একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁকে সন্তানের অসুস্থতার কথা বলতে ও মুক্তির আকুতি জানাতে শোনা যায়।




