নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। তাঁর স্থলে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন।
নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক স্নিগ্ধার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দিয়েছেন। এই অভিযোগে ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি গত ২১ ও ২২ নভেম্বর প্রতিবাদ জানিয়ে তাঁর অপসারণের দাবি তোলে।
তবে অফিস আদেশে অব্যাহতির কোনো কারণ উল্লেখ করা হয়নি। একই দিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিডার্স ক্লাবের একটি অনুষ্ঠান থেকেও অতিথি হিসেবে তাঁকে বাদ দেওয়া হয়; শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আয়োজকরা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।


