জুলাই গণঅভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রোববার (৯ নভেম্বর) পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুল যথাযথ ঘোষণা করে আদালত আইভীর জামিন মঞ্জুর করেন। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, “হাইকোর্টের এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।”
এর আগে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন নিম্ন আদালত।
গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন তার ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়।