বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে তিন মাসের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এর আগে ১২ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য একই আদেশ কার্যকর করা হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২-এর অধীন অপরাধগুলো আমলে নিয়ে সারাদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।
প্রথমে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের এ ক্ষমতা প্রদান করা হলেও, পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন সংশোধন করে এই ক্ষমতা বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়। তখন ৬০ দিনের জন্য এ আদেশ জারি করা হয়েছিল, যা পরবর্তীতে একাধিকবার বাড়ানো হয়েছে