বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি’ সম্পর্কে সরকারের বিদ্যমান অবস্থান অপরিবর্তিত: জাপান

  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জাপান সরকার জানিয়েছে, দেশের জন্য “অস্তিত্বের হুমকিস্বরূপ পরিস্থিতি” বিষয়ে তাদের মৌলিক অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত একটি লিখিত জবাবে এ ব্যাখ্যা দেওয়া হয়। বিরোধী দলের এক আইনপ্রণেতা প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে প্রশ্ন তুললে সরকার এ জবাব প্রস্তুত করে।

চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী তাকাইচি সংসদে বলেছিলেন, শক্তি প্রয়োগ জড়িত সম্ভাব্য কোনো তাইওয়ান সংকটকে জাপানের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হতে পারে। এ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।

লিখিত জবাবে বলা হয়, কোনো পরিস্থিতিকে জাপানের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ হিসেবে গণ্য করা হবে কি না, তা সরকার সর্বোচ্চ সতর্কতার সাথে বিশ্লেষণ করে। এতে দেশ-বিদেশের সব উপলব্ধ তথ্য ও প্রতিটি ঘটনার নির্দিষ্ট প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকার আরও জানায়, তাকাইচি প্রশাসন এ বিষয়ে সরকারের দীর্ঘদিনের অবস্থান সম্পূর্ণরূপে বজায় রেখেছে এবং বর্তমানে কোনো পর্যালোচনা বা নীতিমালা পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দেয়নি। বরং প্রধানমন্ত্রী বারবার পরিষ্কারভাবে বলেছেন, তার মন্তব্য সরকারের নীতিতে কোনো পরিবর্তন আনছে না।

এতে আরও উল্লেখ করা হয়, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা কেবল জাপানের জাতীয় নিরাপত্তার জন্যই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের অবস্থান স্পষ্ট—তাইওয়ানকে কেন্দ্র করে উদ্ভূত যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান সংলাপের মাধ্যমেই আশা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com