৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় নতুন করে আরও ৮ জনকে উত্তীর্ণ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৭ নভেম্বর প্রকাশিত ফলাফলে কারিগরি ত্রুটির কারণে এই ৮ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর তালিকায় আসেনি।
পিএসসি জানায়, ফলাফল প্রকাশের পর বিষয়টি নজরে আসায় পুনরায় যাচাই-বাছাই করা হয়। সঠিক প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ৮ প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো—১১০৪৭৩৭৫, ১১০৫৭৫৩০, ১১১৬০২৯২, ১৪০২৪৭৫৬, ১৫০০৩৭৬৫, ১৮০০৩৫৮৪, ১৮০০৭৩৯১ ও ১৮০১০২৮২।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তিসংগত প্রয়োজনবোধে প্রকাশিত ফলাফলে যেকোনো সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে। তবে কী ধরনের কারিগরি ত্রুটির কারণে প্রার্থীরা বাদ পড়েছিলেন, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি পিএসসি।
এর আগে ২৭ নভেম্বর প্রকাশিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলে ৪ হাজার ৪২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।