বাংলাদেশি নির্মাতা, লেখক ও সংগঠক জাফর ফিরোজ মালয়েশিয়ার মর্যাদাপূর্ণ ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন। তাঁর উপন্যাস দ্য ফোরকড রোড–এর জন্য তিনি এ স্বীকৃতি লাভ করেন।
বুধবার (৩ ডিসেম্বর) সেলাঙ্গর রাজ্যের শাহ আলমে সেতিয়া সিটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জুরি প্যানেলের চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস তান সেরি দাতুক সেরি ড. ইব্রাহিম শাহ আবু শাহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের স্বাক্ষরিত সনদ ও ট্রফি জাফর ফিরোজের কাছে হস্তান্তর করেন।
সমসাময়িক বিভাগে বিজয়ী এই উপন্যাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার সামাজিক–রাজনৈতিক বাস্তবতা নির্মোহ ভাষায় তুলে ধরা হয়েছে। আবরার ফাহাদ হত্যা, নিরাপদ সড়ক আন্দোলন, রাজনৈতিক হত্যা-গুম, বৈষম্যবিরোধী আন্দোলনসহ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এতে স্থান পেয়েছে। বিশেষ করে জুলাইয়ের গণ–অভ্যুত্থানের পর বাংলাদেশে অনিশ্চিত পরিস্থিতির প্রেক্ষাপটে মালয়েশিয়ান ঝুঁকিপূর্ণ নাগরিকদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনার ঘটনাও উপন্যাসে জীবন্তভাবে উঠে এসেছে। মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের সমস্যাও এতে গুরুত্বপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে।
উপন্যাসটির সময়রেখা শুরু হয়েছে ১৬ ডিসেম্বর ২০১৯—বাংলাদেশের বিজয় দিবস থেকে—এবং শেষ হয়েছে ৫ আগস্ট ২০২৪-এ। বাস্তবতার সঙ্গে কল্পনার সুসমন্বয় বইটিকে পাঠক ও সমালোচকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা এনে দিয়েছে।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রাইয়ান—মালয়েশিয়ায় পড়তে আসা এক বিদেশি শিক্ষার্থী। একটি ফোনকল তাঁর জীবনকে বিপর্যস্ত করে তোলে। বাবার হত্যার সংবাদ, মায়ের অসুস্থতা, আর্থিক অনিশ্চয়তা এবং স্বপ্নের প্রকল্প হারিয়ে ফেলার যন্ত্রণা তাকে এক কঠিন মোড়ে দাঁড় করায়। রাইয়ান আটকে যায় জীবনের চৌরাস্তায়—সে কি দেশে ফিরে যাবে, লড়াই চালিয়ে যাবে, নাকি পড়াশোনা শেষ করবে? মানুষের সিদ্ধান্ত জীবনে কত গভীর প্রভাব ফেলতে পারে—এই প্রশ্নটি নতুনভাবে পাঠকের সামনে হাজির করে উপন্যাসটি।
দ্য ফোরকড রোড বর্তমানে অ্যামাজনেও পাওয়া যাচ্ছে।