পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) অবশেষে বেসরকারিকরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার জানান, পিআইএর নিলাম আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানটি সরাসরি সব গণমাধ্যমে সম্প্রচার করা হবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির অংশ হিসেবে লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার ও অর্থসংকট মোকাবিলায় সরকার পিআইএর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রায় দুই দশক পর এটিই হবে পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারিকরণ উদ্যোগ।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ এক্স জানায়, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বেসরকারিকরণ প্রক্রিয়ায় আগ্রহী বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি বলেন, পিআইএর বেসরকারিকরণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য সংস্থাটির ‘হারানো গৌরব’ ফিরিয়ে আনা এবং আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রাখা।
তিনি আরও জানান, পিআইএর আন্তর্জাতিক রুট বিশেষ করে ইউরোপগামী ফ্লাইট পুনরায় শুরু হওয়ায় বিদেশে বসবাসকারী পাকিস্তানিরা উপকৃত হবেন এবং পর্যটন খাতের উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।
এর আগে গত সেপ্টেম্বর সংসদীয় কমিটিকে জানানো হয়েছিল যে নভেম্বরের মধ্যেই পিআইএর বেসরকারিকরণ সম্পন্ন হতে পারে। পরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ২০ নভেম্বর প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছভাবে শেষ করার নির্দেশ দেন। তবে তা বাস্তবায়িত না হওয়ায় জাতীয় পরিষদের স্থায়ী কমিটি পরিষ্কার সময়সূচি নির্ধারণের নির্দেশ দেয়।
একসময় বিশ্বের সেরা এয়ারলাইনের তালিকায় থাকা পিআইএ চার বছরের ইউরোপীয় নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছরের শুরুতে আবারও ইউরোপে ফ্লাইট পরিচালনা শুরু করে। তবে বড় অঙ্কের দেনা, অতিরিক্ত জনবল এবং সীমিত ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নিয়ে আশঙ্কা থেকেই গেছে।
এরআগে একটি বেসরকারিকরণ প্রচেষ্টা ব্যর্থ হয় যখন বেসরকারি প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির ৩৬ মিলিয়ন ডলারের প্রস্তাব পিআইএর ন্যূনতম ৩০৫ মিলিয়ন ডলারের মূল্যায়নের তুলনায় অনেক কম হয়।