গাইবান্ধার পলাশবাড়ীতে চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদ (৩৫) নামে একজন জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হাসান মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার। আহত আপেল মাহমুদ পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক ও স্থানীয় জামায়াতের সক্রিয় নেতা। হামলার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত হাসান মিয়া একই এলাকার বাসিন্দা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার শেষে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হাসান মিয়া চাইনিজ কুড়াল হাতে আপেল মাহমুদের ওপর অতর্কিতে হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারী দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে।
ওসি প্রশান্ত কুমার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে রক্তের ছাপসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”