ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত এক নোটিশে জানানো হয়, বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আবেদনকারীদের সেন্টারে না আসার অনুরোধ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, যেসব আবেদনকারীর বুধবার ভিসা জমা দেওয়ার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখে স্লট বরাদ্দ দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের ধৈর্য ধারণ করতে এবং নিয়মিত ওয়েবসাইট কিংবা হটলাইনের মাধ্যমে হালনাগাদ তথ্য জানার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনা বেড়েছে। বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও নিরাপত্তা ঝুঁকির কারণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারসহ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।