বাংলাদেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জোরালো উদ্বেগ প্রকাশ করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ সরাসরি হাইকমিশনারের কাছে তুলে ধরেছে। বিশেষ করে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় কূটনৈতিক মিশনকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি তৈরির ঘোষণা দিয়েছে বলে দাবি করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে উগ্রবাদী শক্তি যে ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা বয়ান ছড়াতে চাইছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখনও বিস্তারিত তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতকে অর্থবহ কোনো তথ্য বা প্রমাণও সরবরাহ করা হয়নি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর ও বন্ধুত্বপূর্ণ। এই সম্পর্কের ভিত্তি রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে দুই দেশের উন্নয়নমূলক সহযোগিতা ও জনগণ-থেকে-জনগণ যোগাযোগের মাধ্যমে তা আরও সুদৃঢ় হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে এবং দেশটিতে অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়ে আসছে। একই সঙ্গে কূটনৈতিক বাধ্যবাধকতার অংশ হিসেবে বাংলাদেশে অবস্থিত সব বিদেশি মিশন ও দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
এর আগে সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ওইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা ভারতে অবস্থান করছেন বলে জানানো হয়।
এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘জুলাই ঐক্য’ নামে একটি সংগঠনের মার্চ কর্মসূচির ঘোষণার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) বুধবার দুপুর ২টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আইভ্যাকের ওয়েবসাইটে জানানো হয়েছে, ওইদিন যাদের ভিসা আবেদনের স্লট ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।