রাজধানীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আজ শুক্রবার প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি। একই কারণে সাময়িকভাবে প্রায় বন্ধ হয়ে গেছে দুটি শীর্ষ গণমাধ্যমের অনলাইন কার্যক্রমও।
পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে আকস্মিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে অফিসে থাকা সব কর্মীকে দ্রুত ভবন ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এতে করে সম্পাদকীয়, ছাপা ও ডিজিটাল—সব ধরনের কার্যক্রম একযোগে বন্ধ হয়ে যায়।
ফলে শুক্রবার কোনো ছাপা কপি প্রকাশ করা যায়নি এবং অনলাইন প্ল্যাটফর্মেও স্বাভাবিক সংবাদ কার্যক্রম চালু রাখা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ভবনের ভেতরে অনেক সাংবাদিক ও কর্মচারী আটকা পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের সরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করে।